চাকরি চলে যাওয়া যে কারেও জন্যই মন খারাপের বিষয়, কিন্তু হোসে মরিনহোর জন্য নয়। ফেনেরবাচসহ বিভিন্ন ক্লাবের কোচের পদ থেকে ছাঁটাই হওয়ার পর তিনি যে বিশাল অংকের ক্ষতিপূরণ পেয়েছেন, সেটার পরিমাণ একত্রিত করলে যে কারওই মাথা ঘুরে যেতে পারে! মনে হতে পারে, চাকরি হারানো মন্দ কিছু নয়!
গতকাল শুক্রবার এক বিবৃতিতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মরিনহোর সঙ্গে বিচ্ছেদের খবর জানায় ফেনারবাচ। তুর্কী ক্লাবটির সঙ্গে গত বছরের জুনে দুই বছরের চুক্তি সই করেছিলেন মরিনহো, কিন্তু মাত্র ১৪ মাস পরই তাকে ছাঁটাই হতে হলো। বিবিসি স্পোর্টস জানিয়েছে, আগেভাগে চাকরি চলে যাওয়ায় তিনি ৭৭ লাখ থেকে ৭৮ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পাবেন তুর্কী ক্লাবটি থেকে।
মরিনহো তার কোচিং ক্যারিয়ারে এ পর্যন্ত ১০টি ক্লাবে প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। সর্বশেষ চারটি ক্লাব থেকেই ছাঁটাই হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, মরিনহো তার কোচিং ক্যারিয়ারে ক্লাব থেকে আগেভাগে ছাঁটাই হয়ে মোট ৮ কোটি ৯০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন! বাংলাদেশি মুদ্রায় অংকটা দাঁড়ায় প্রায় ১৪৫৬ কোটি ৬২ লাখ টাকা। শুধু চেলসি থেকেই দুই দফায় ছাঁটাই হয়ে পেয়েছেন ২ কোটি ৬০ লাখ পাউন্ড!
এছাড়া রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম এবং এএস রোমাতেও ছাঁটাই হয়েছেন মরিনহো। এই ক্লাবগুলো থেকে তিনি যথাক্রমে ১ কোটি ৭০ লাখ পাউন্ড, ২ কোটি পাউন্ড, ১ কোটি ৫০ লাখ পাউন্ড ও ৩০ লাখ পাউন্ড ক্ষতিপূরণ পেয়েছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ মরিনহো একমাত্র কোচ হিসেবে উয়েফার তিনটি শিরোপা জয়ী, চারটি দেশের লিগ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।