ছাত্রদলের জাকসুর প্রচারণা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে শাখা ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখীসহ অনান্য প্রার্থীরা।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারা। বটতলা থেকে আ ফ ম কামালউদ্দিন হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে তাদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরেন ভিপি প্রার্থী শেখ সাদী।

এরপর মুরাদ চত্বরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক তাদের সঙ্গে যুক্ত হন।

প্রচারণায় ভিপি ও জিএসসহ আরও উপস্থিত ছিলেন সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী তাওহিদুর রহমান খাঁন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদপ্রার্থী লিখন চন্দ্র রায়, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদপ্রার্থী মো. জাবের হাসান, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী উজ্জ্বল হাসান, কার্যকরী সদস্য পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান ও এ এম রাফিদুল্লাহ।

প্রচারণা চলাকালে ভিপি প্রার্থী শেখ সাদী বলেন, আমরা আজকে থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রচারণা শুরু করেছি এবং অভাবনীয় সারা পাচ্ছি। শিক্ষার্থীরা শুরু থেকে আমাদের সাথে ছিল এবং এখনও ভোটের সময় তারা আমাদের সাথে আছে। আমরা আশাবাদী শিক্ষার্থীরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা ছোট ছোট গ্রুপ করে প্রচারণা করব। যেহেতু আমাদের ক্যাম্পাস অনেক বড় এবং জাকসু নির্বাচনেরও বেশি দেরি নেই, আমাদের সকল শিক্ষার্থীর কাছে পৌঁছাতে হবে। এ জন্য যাতে সব জায়গা একসাথে কাভার করা যায়, সেজন্য আমরা গ্রুপে গ্রুপে মুভ করব।