চন্দনাইশে সেনা অভিযানে অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার যুবলীগ নেতা মো. মিজানুর রহমানকে (৩০) একটি ওয়ান শুটার রাইফেলসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। 

শনিবার (৩০ আগস্ট) রাতে  উপজেলার চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন চন্দনাইশে দায়িত্বরত সেনা কর্মকর্তা ইবতিসাম জাওয়াদ দিয়াব।

জানা যায়, যুবলীগ নেতা মিজানুর রহমানের নিকট অস্ত্র থাকার বিষয়টি টের পেয়ে তার উপর নজরদারি শুরু করা হয়। ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এই যুবলীগ নেতাকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তি মতে একটি ওয়ান শুটার রাইফেল ও ২টি মোবাইল জব্দ করা হয়।

জানা গেছে, তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় ইতিমধ্যে দুটি মামলা রয়েছে এবং দেশত্যাগের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। 

চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আটক আসামি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চন্দনাইশ থানার কাছে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।