সিরাজদীখানে গলায় ফাঁস দেওয়া যুবকের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদীখানে গলায় ফাঁস দেওয়া আকাশ ঋষি (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে  উপজেলা ইউনিয়নের রশুনিয়া গ্রামের ঋষিপাড়া গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

আকাশ ঋষি উপজেলার ইউনিয়নের রশুনিয়া গ্রামের ঋষিপাড়ায় নীল কৃষ্ণ ঋষির ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে আকাশকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তার বাবা দরজা ধাক্কা দেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে দেখেন, আকাশ ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।