কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করতে এসে গাঁজাসহ ধরা পড়েছেন মো. সফিক (৬০) নামের এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের চেকপোস্টে এ ঘটনা ঘটে। মো. সফিক জেলার চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের বাসিন্দা।
কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রতন কুমার দত্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
কারাগার সূত্র জানায়, কারাগারে আটক ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে দেখা করতে আসেন তাঁদের ভাই সফিক। চেকপোস্টে দায়িত্বরত কারারক্ষী মো. আব্দুল হান্নান তাঁর আচরণে সন্দেহ পেয়ে দেহ তল্লাশি করেন। এ সময় সফিকের শার্টের পকেটে রাখা বিড়ির মোড়কে গাঁজা পাওয়া যায়। পরে শরীরেও আরও কিছু গাঁজা লুকিয়ে রাখা অবস্থায় জব্দ করা হয়। সব মিলিয়ে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, তিনি গাঁজা সেবনের অভ্যাস আছে বলে স্বীকার করেছেন। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দণ্ড দেওয়া হয়।