কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামনগর গ্রামে শ্বাসরোধে মা ও মেয়েকে হত্যার অভিযোগে ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ওই গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তাদের মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩৮)।
আটক ব্যক্তিরা হলেন- নিহত লুৎফা বেগমের ছেলে শাহিন আলম ও তার স্ত্রী লাকি আক্তার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মা ও মেয়ে অভিযুক্ত শাহিনের সঙ্গে একই ঘরে থাকতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একাধিকবার শাহিন তার মা ও বোনকে মারধরও করেছেন বলে অভিযোগ রয়েছে। এই নির্যাতনের বিষয়ে স্থানীয়দের জানালেও শাহিনের স্ত্রী লাকির প্রভাবের কারণে কেউ বিষয়টি নিয়ে মুখ খুলতে সাহস পাননি।
এ বিষয়ে নিহতদের বড় মেয়ে শিউলী আক্তার বলেন, আমার বাবা অনেক আগেই মারা গেছেন। মা ও বোন ভাইয়ের সংসারে কষ্ট করে দিন কাটাচ্ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভাই ও তার স্ত্রী তাদের নির্যাতন করছিল। গতকালও তারা মারধর করেছে। আজ তারা মিলে মা ও বোনকে শ্বাসরোধে হত্যা করেছে। আমি এর বিচার চাই।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। আটক শাহিন ও তার স্ত্রী লাকিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বিকেল পৌনে ৪টার দিকে ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে নিহতদের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।