কুমিল্লা সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক পদে যোগদান করেছেন সরকারের যুগ্মসচিব মো. শাহ আলম। গতকাল রবিবার অপরাহ্নে তিনি নগর ভবনে আসেন। এসেই তিনি নগর ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন। তার গ্রামের বাড়ি বরুড়া উপজেলার জোড়পুকুরিয়া (পূর্ব) গ্রামে। তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পঞ্চম প্রশাসক।
রবিবার (৩১ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।
মো. শাহ আলম কুমিল্লা জেলা বরুড়া উপজেলা গালিমপুর ইউনিয়ের জোড়পুকুরিয়া গ্রামে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। নিজ উপজেলা বরুড়া হাজী নোয়াব আলী হাই স্কুল থেকে ১৯৮৬ সালে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে (অর্থনীতি) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দিল্লীতে চ্যান্সেলর কর্তৃক স্বর্ণপদক পেয়েছেন। লন্ডন থেকে ডিপ্লোমা ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
১৮তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকা ৫ম এবং প্রশাসন ক্যাডারে ৩য় স্থান অধিকার করে ১৯৯৯ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি ভোলা, কক্সবাজার ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় ইউএনও, অর্থ বিভাগের উপসচিব, উপপরিচালক ও বিডা পরিচালকসহ সর্বশেষ তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব ছিলেন।
জানতে চাইলে প্রশাসক মো. শাহ আলম বলেন, আমি কুমিল্লার সন্তান। কুমিল্লা শহরে আমার কলেজ জীবন কেটেছে। এই শহর আমাদের প্রাণের শহর। এই শহরের উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। এককালের ছিমচাম সাজানো গুছানো মায়াময় শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। আমরা দ্রুত জনবল আনব। ক্লিন সিটি গড়ব। পরিচ্ছন্ন নগরী গড়তে সবার সহযোগিতা নেব। আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। ন্যায়ের পথে থেকে কাজ করব।
নগর ভবন সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হয়। এরপর ২০১১ সালের ৭ আগস্ট প্রথম প্রশাসক পদে যোগ দেন যুগ্ম সচিব মো. নাছির উদ্দিন আহম্মেদ। তিনি ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ছিলেন। পরে দ্বিতীয় প্রশাসক হিসেবে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের ১৭ মে পর্যন্ত নির্বাচনকালীন সময়ে ছিলেন কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম। ২০২২ সালের ১৭ মে থেকে ২০২২ সালের ৬ জুলাই পর্যন্ত তৃতীয় প্রশাসক ছিলেন উপসচিব ড. সফিকুল ইসলাম। ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রশাসক ছিলেন বার্ডের মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।