আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫–এর জন্য রেকর্ড প্রাইজমানির ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে এই আসর। বেশ কয়েকটি ক্যাটাগরিতে সর্বমোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পুরস্কার দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি ৪৮ লাখ টাকা।
মেয়েদের বিশ্বকাপের এই পুরস্কার মূল্য আগের আসরের চেয়ে ২৯৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২২ আসরে মোট পুরস্কারমূল্য ছিল ৩.৫ মিলিয়ন ডলার বা ৩৮ কোটি ৭৫ লাখ টাকা। শুধু তাই নয়, ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদর ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার। সেই আসরকেও ছাড়িয়ে গেল মেয়েদের আসন্ন বিশ্বকাপ।
আইসিসর ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (প্রায় ৪৯ কোটি ৫২ লাখ টাকা)। ২০২২ আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবারের আসরের রানার্স–আপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা ২৪ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ আসরে ইংল্যান্ড পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার (প্রায় ৬ কোটি ৬৩ লাখ টাকা)।
সেমিফাইনালে হারা দুই দল ১.১২ মিলিয়ন ডলার বা ১২ কোটি ৩৮ লাখ টাকা করে পাবে। অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিতভাবে ২.৫ লাখ ডলার (প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা) পাবে। গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩৪,৩১৪ ডলার বা প্রায় ৩৮ লাখ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল পাবে ৭ লাখ ডলার বা ৭ কোটি ৭২ লাখ টাকা। সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল ২.৮ লাখ ডলার (প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা)।
এই বিপুল পুরস্কার ঘোষণার বিষয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘এটি নারী ক্রিকেটের ইতিহাসে এক মাইলফলক। পুরস্কার অর্থ চার গুণ বাড়ানো আমাদের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির প্রমাণ। নারী ক্রিকেটাররা এখন নিশ্চিতভাবেই বুঝতে পারবেন, এই খেলাকে পেশা হিসেবে বেছে নিলে তারা পুরুষদের সমান মর্যাদা ও সুযোগ পাবেন। নারী ক্রিকেট দুর্দান্ত গতিতে এগোচ্ছে। এই পদক্ষেপ সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে গুয়াহাটিতে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।