চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ

গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওইদিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

নুরের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, তিনি চোয়ালে ও মেরুদ-ে আঘাত পেয়েছেন। সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানান তার স্ত্রী। এ সময় তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে।’

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে। ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করবে।

হত্যার উদ্দেশ্যেই নুরকে আঘাত করা হয় : মির্জা ফখরুল

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যারাই তাকে আঘাত করুক, হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল। এটি খুব পরিষ্কার।’

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘নুরের অবস্থা আগের চেয়ে ইমপ্রুভ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে। তার যে জায়গাগুলোয় ইনজুরি হয়েছে, সেই জায়গাগুলো খুব ফ্যাটাল। তার ব্রেনেও ইনজুরি হয়েছে, ব্লিডিং হয়েছে। চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানতে পেরেছি, এখানে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। সে এখনো খেতে পারছে না, তাকে পাইপ দিয়ে লিকুইড খেতে হয়। তার রিকভারি হতে সময় লাগছে, তাকে দেশের বাইরে পাঠানো দরকার।’

প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন, সেটি দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের কাছে বলছি, তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো উচিত।’ এ সময় মির্জা ফখরুলের সঙ্গে দলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

এর আগে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানকে দেখতে যান মির্জা ফখরুল এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।

নুরের ওপর হামলার ঘটনার বিচার দাবি জামায়াতের

গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি এ দাবি জানান।

এ সময় সাংবাদিকদের নায়েবে আমির বলেন, ‘নুরকে যেভাবে আহত করা হয়েছে, এর নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে।’ তিনি বলেন, ‘দেশে যে আইন আছে, তাতে সুষ্ঠু তদন্ত করে বিচার হওয়া দরকার। তাছাড়া এভাবে চলতে থাকলে অন্য কারও সঙ্গেও এমন ঘটনা ঘটতে পারে। যেকোনো ঘটনারই সঙ্গে সঙ্গে তদন্তের দরকার।’