বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার সময় মঞ্চের সামনে চেয়ার বসাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম জিরো পয়েন্ট এলাকার স্টেশন রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দলের নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে উভয় পক্ষের মোঃ ইসমাইল, মোঃ তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মোঃ সোহেল, মৃধুল, রাজি, তৌহিদ, পাপ্পু ও মোঃ হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এর মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক বলেন, “গ্রাম ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মঞ্চের সামনে আসতে চাইলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তবে এটি আমরা মেনে নিতে পারব না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বলেন, দলীয় কোনো গ্রুপিং নেই। মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।