১৪ বছরের সাজা, ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

আইনের হাত থেকে বাঁচতে টানা ২০ বছর দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে বেড়িয়েছেন মো. হুমায়ূন কবির (৫২)। ১৪ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ দুই দশক আত্মগোপনে থাকার পর শেষ পর্যন্ত ফেনী থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২৪ অক্টোবর) রাতে ফেনীর পরশুরাম উপজেলার টেটেশ্বর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হুমায়ূন কবির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়া ফুলগাঁও গ্রামের মরহুম আনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হুমায়ূনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারায় দুটি মামলায় মোট ১৪ বছরের কারাদণ্ড ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন।

নাঙ্গলকোট থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে এসআই সোহরাব হোসেনের নেতৃত্বে টেটেশ্বর বাজারে অভিযান চালানো হয়। সেখানে সুকৌশলে অবস্থান করার সময় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকা ওই আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত