বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদদের কিছু হলে বিদেশে ছুটে যান চিকিৎসার জন্য। তাদের কারণে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা কমেছে।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘দেশের সাধারণ মানুষ, যাদের বিদেশে যাওয়ার সক্ষমতা নেই, তারা দেশের চিকিৎসায় ভরসা রাখেন। সাধারণ মানুষ যেখানে বিদেশে চিকিৎসা নিতে পারে না, সেখানে আমি কীভাবে বিদেশে যাই?’ তিনি বলেন, ‘দেশের চিকিৎসার প্রতি সবসময় আস্থা ছিল। সেই চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি।’
নিজের অসুস্থতার ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সমাবেশের দিন আমি যখন পড়ে যাই, তখন দেশের মানুষ টিভি স্ক্রিন কিংবা হাতে মোবাইলের মাধ্যমে তা দেখছিলেন। তাদের মধ্যে ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মমিনুজ্জামানও ছিলেন। তিনি তখনই আশঙ্কা প্রকাশ করেন, আমার সমস্যাটা মস্তিষ্কজনিত নয়, বরং হৃদযন্ত্রে হতে পারে। পরে তার আহ্বানে আমি চিকিৎসা নিই।’
রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘রাজনীতিক বন্ধুদের বলব চিকিৎসা বাংলাদেশেই আছে, সেই চিকিৎসার জন্য বিদেশে যাবেন না। সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হয়ে যেত।’
শফিকুর রহমান বলেন, ‘সুস্থতা-অসুস্থতা কার হাতে এক বাক্যে সবাই স্বীকার করেছেন, আল্লাহর হাতে। তাই আমি বিশ্বাস করি, আল্লাহই আমাকে আবার জনসম্মুখে দাঁড়ানোর শক্তি দিয়েছেন।’
তিনি বলেন, ‘চিকিৎসা একটি মহান ও সেবামূলক পেশা। তাই চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে সব শ্রেণির মানুষের চিকিৎসা করতে হবে। দেশের চিকিৎসার মান উন্নয়নের জন্য চিকিৎসা বিষয়ক শিক্ষাকে বৈশি^ক মানসম্পন্নকরণ এবং দেশীয় হাসপাতালগুলো সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ করা জরুরি। একই সঙ্গে চিকিৎসা কেন্দ্রগুলোকে রোগীবান্ধব সেবা প্রদান করাও দরকার। দেশীয় চিকিৎসায় সাধারণ মানুষের আস্থা ফেরাতে চিকিৎসা সহজলভ্য ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। তাহলেই দেশীয় চিকিৎসার প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে’।
তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কমমূল্যে সরকারি প্লট নেবে না।’ এ সময় ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্য দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানান জামায়াত আমির।
কাফরুল থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, শাহ আলম তুহিন প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে দলটির আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে দুবার পড়ে যান। এরপর মঞ্চে বসেই তিনি তার বক্তব্য দেন। সমাবেশ থেকে তাকে নেওয়া হয় ইবনে সিনা হাসপাতালে। পরে ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।