নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আপাতত তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের হাসপাতালে ভিড় না করতে অনুরোধ করা হয়েছে। গতকাল শুক্রবার নুরের ফেসবুক পেজ থেকে এক অ্যাডমিন পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, নুরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সে পরিবেশ ব্যাহত হচ্ছে।

এতে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন।

এর আগে গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী দুপক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

এদিকে গত মঙ্গলবার নুরের স্ত্রী মারিয়া আক্তার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নুরকে উন্নত চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন। এ সময় নুরের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।