দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিকদের বেতনভাতা পরিশোধে ৮৮৬ কোটি টাকার জরুরি আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক খাতের স্ব স্ব কারখানাগুলোকে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে উল্লিখিত ব্যাংকগুলো থেকে শ্রমিকদের বেতন-ভাতা বাবদ অর্থ বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
বিজিএমইএ জানিয়েছে, পোশাক খাতের শ্রমিকদের দুই মাসের (আগস্ট ও সেপ্টেম্বর) বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক ৮৮৬ কোটি টাকা ছাড় করেছে। এক্সিম ব্যাংক এবং এসআইবিএল ব্যাংকের মাধ্যমে এই অর্থ ছাড় করা হয়েছে। বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি ৫টি সংকটাপন্ন ব্যাংক তীব্র তারল্য সংকট থাকার কারণে সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলোকে রপ্তানিমূল্য প্রত্যাবাসন হলেও অর্থ দিতে পারছিল না। ফলে সংশ্লিষ্ট কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারছিল না। এতে করে শিল্পের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।
এ অবস্থায় পোশাক রপ্তানিকারকদের আর্থিক কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা নিরসনের অনুরোধ নিয়ে গত ২৬ আগস্ট বাংলাদেশ ব্যাংক ভবনে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ সমিতির পরিচালকরা। এর ফলে, বাংলাদেশ ব্যাংক উপরোক্ত অর্থ ছাড়ের ঘোষণা দিয়েছে।