আট বছর বয়সী নাতি ফারুককে নিয়ে কেনাকাটা করতে বাজারে আসেন দাদা আব্দুল লতিফ। বাজারে আসতেই নাতি ফারুকের বায়না বিস্কুট কেনার। দাদাও নাতির বায়না পূরণে রাস্তা পার হয়ে একটি দোকান থেকে নাতিকে বিস্কুট কিনে দেন। বিস্কুট কেনার আনন্দে দাদার হাত ফসকে দৌঁড় দেয় নাতি। দৌঁড়ে ফের রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় প্রাণ যায় নাতি ফারুকের।
আজ (৬ সেপ্টেম্বর) শনিবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজারে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাতি ফারুকের বাড়ি উপজেলার সরিষা ইউনিয়নের নিজ সরিষা গ্রামে। সে একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। ফারুকের বাবা-মা ঢাকায় একটি বেসরকারি কোম্পানি চাকরি করে। দাদা আব্দুল লতিফেই নাতি ফারুকের দেখবাল করেন।
শনিবার বিকালে কেনাকাটা করতে স্থানীয় কৃষিবাজারে এসে ইজিবাইকের ধাক্কায় নাতি ফারুকের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। এঘটনায় ঘাতক ইজিবাইক ও চালককে আটক করা যায়নি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুর মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের প্রস্তুতির জন্য সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’