প্রয়োজনে শুধু দশজন ভালো মানুষ নিয়ে রাজনীতি করব। একশ বা হাজার গুন্ডা নিয়ে রাজনীতি করার চেয়ে ১০ জন সৎ মানুষের সঙ্গে পথ চলা অনেক সম্মানের বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখারা গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, মানুষের সঙ্গে যদি উগ্র আচরণ করেন, তাহলে মানুষ ভাববে এনসিপিও উগ্র। সারাদিন যদি ধান্দাবাজি করেন, আর লোকজনকে বলেন আপনি ভালো—এটা মানুষ কখনোই বিশ্বাস করবে না। আপনি ভালো কাজ করুন, মানুষ এমনি বলবে এনসিপির লোকজন ভালো।
নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, আমার যদি একশ কোটি টাকার দুর্নীতির রিপোর্ট প্রকাশ পায়, তাহলে কি আমি ভালো? না। তাহলে এনসিপিও খারাপ। আমি যেই দলে থাকি, আমি যদি খারাপ হই, দলকেও মানুষ খারাপ বলবে।
নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্য দল অন্যায় করুক, আপনি যেন কোনো অপরাধ না করেন। আপনি একটা অপরাধ করলেই সেটা দশটা অপরাধের মতো গণ্য হবে। নিজেদের আগে সংশোধন করতে হবে। আত্মসমালোচনার চর্চা করতে হবে।
‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের’ দাবিতে অনুষ্ঠিত এ উঠান বৈঠকটি আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখা। স্থানীয় এনসিপি নেতা ও দেবিদ্বার উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী জামাল মো. কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।