নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইউএস ওপেন ফাইনালে হাই-প্রোফাইল অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মধ্যকার ফাইনালে তার উপস্থিতিই সৃষ্টি করেছিল বিশাল নিরাপত্তা তৎপরতা, যা দর্শকদের জন্য এক ধরনের ভোগান্তিতে পরিণত হয়।
আগেই জানানো হয়েছিল ট্রাম্প ম্যাচ দেখতে আসবেন। তার আগে একবার হত্যাচেষ্টার শিকার হওয়ায় এবং বিতর্কিত রাজনৈতিক অবস্থানের কারণে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ফলে হাজারো দর্শককে বাইরে আটকে থাকতে হয় এবং অনেকে ম্যাচের শুরু মিস করেন।
নিরাপত্তাজনিত কারণে ফাইনালের শুরু দেরি করে দেয় আয়োজকরা। দর্শকদের একাধিক ধাপে তল্লাশি শেষে প্রবেশ করতে দেওয়া হয়। আয়োজকদের ভাষায়, “নিরাপত্তার স্বার্থে এবং দর্শকদের আসনে পৌঁছানোর জন্য সময় দিতে ম্যাচ শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।”
টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভা দর্শকদের কষ্টের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, “হাজার হাজার মানুষ বাইরে ভিজে অপেক্ষা করছে, অথচ তারা টিকিটের জন্য হাজার ডলার খরচ করেছে। সমস্যা ট্রাম্প আসায় নয়, সমস্যা হলো— পুরো ভিড়ের জন্য মাত্র একটি প্রবেশপথ রাখা।”
তারকা সমৃদ্ধ গ্যালারিতে ছিলেন ব্রুস স্প্রিংস্টিন, কোর্টনি কক্স, স্টিং, শ্যাগি, জেসিকা আলবা ও গলফ তারকা সের্হিও গার্সিয়ার মতো সেলিব্রেটিরা। ফাইনালে আলকারাজ জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জেতেন এবং আবারও দুনিয়ার এক নম্বরের স্থান দখল করেন।
ট্রাম্প নিজে ম্যাচ শুরুতে দর্শকদের উদ্দেশে হাত নাড়েন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় দাঁড়িয়ে সম্মান জানান। তবে টিভি সম্প্রচার ক্যামেরায় তাকে খুব একটা ফোকাস করা হয়নি।