তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ‘অতি শিগগিরই’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অতি শিগগিরই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন (প্রত্যাবর্তনের দিন) বাংলাদেশের নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ।’ তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার সুনির্দিষ্টভাবে কোনো দিনক্ষণ বলেননি সালাহউদ্দিন আহমেদ। গতকাল রবিবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) মুক্তিযোদ্ধা হলে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সালাহউদ্দিন এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমি বলছি, নির্বাচন হয়ে যাবে। তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেদিনই নির্বাচনের অর্ধেক কার্য সমাপ্ত করতে পারব। যেদিন আমাদেও নেতার প্রত্যাবর্তন হবে। এটি হবে বাংলাদেশে একটি অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা।’ এই সময়ে মিলনায়তনে নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি দিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরকে স্বাগত জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি রমিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালসহ কর আইনজীবীরা বক্তব্য রাখেন।