চুয়াডাঙ্গায় ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিক হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাটালিয়ন ৬ বিজিবি। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৬-এর কাছে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।

যাদের হস্তান্তর করা হয়েছে তাদের মধ্যে ৯ জন পুরুষ, দুজন নারী ও একজন অপ্রাপ্ত বয়স্ক শিশু রয়েছেন। 

বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের মেইন পিলারে  কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিং উপস্থিত ছিলেন। আলোচনার একপর্যায়ে, পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মোট ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির লে. কর্ণেল অধিনায়ক নাজমুল হাসান জানান, ভারতীয় অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিক সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে প্রবেশ করে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করে আসছিলো তারা।  বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতায় তাদের হস্তান্তর কার্যক্রম শেষ করা হয়।