মাদক সেবনের ভিডিও ভাইরাল, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পিএম

মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজমুল হাসান রুবেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল জানায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাজমুল হাসান রুবেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বহিষ্কারের এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনন্দ এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা।

দলের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, নাজমুল হাসান রুবেলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের কর্মকাণ্ড দলের শৃঙ্খলার পরিপন্থী। তাই তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি টিনশেড ঘরে বসে একটি বোতল থেকে ফেনসিডিল জাতীয় তরল পান করছেন রুবেল। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় ৫০ সেকেন্ড।

রুবেলের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. ইমরান বলেন, ‘মাদক সেবন করার বিষয়টি প্রকাশ্যে আসায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগঠনের নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত