ডাকসু ও হল সংসদ নির্বাচনে নির্বাচিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল বুধবার রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সব নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।
আমরা প্রত্যাশা করি, ডাকসু হবে শিক্ষার্থীদের প্রকৃত আকাক্সক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আশা রাখি, ডাকসুর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে একটি গণতান্ত্রিক, অ্যাকাডেমিক এবং সন্ত্রাস-ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।
ডাকসু নির্বাচন অব্যাহত থাকুক এটাই আমাদের প্রত্যাশা। দ্রুতই সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক, যাতে বাংলাদেশের তরুণ সমাজ গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে তাদের ভূমিকা রাখতে পারে।