পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। গতকাল বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবীব সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। এ বিষয়ে এনবিআরের গোয়েন্দা সেলের একজন জানিয়েছেন, বৃহত্তর তদন্তের স্বার্থে শেখ হাসিনার লকার ও হিসাব জব্দ করা হয়েছে। গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর অংশ হিসেবে এনবিআর শেখ হাসিনার লকার জব্দ করেছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তে নামে। এর মধ্যে এনবিআর শেখ হাসিনার নামে ব্যাংকে লকারের সন্ধান পায়। যা গতকাল জব্দ করা হয়।

এনবিআর সূত্রে জানা যাচ্ছে, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে। তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই লকার জব্দ করা হয়েছে।