প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, শুক্রবার সকালে ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে নিহত হন। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এসআই জানায়, এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর দুজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।