নবীজির হিজরতে আমাদের শিক্ষা

নবীজি (সা.)-এর জীবনের প্রতিটি অধ্যায়ে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তার প্রতিটি হাসি, প্রতিটি অশ্রুর ফোঁটা, গৃহীত সিদ্ধান্ত, প্রতিটি নীরবতা, এমনকি জীবনের ক্ষুদ্রাতিক্ষুদ্র ঘটনাও আমাদের জন্য বহন করে চিরন্তন বার্তা। তার হিজরতেও আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা।

সাড়ে চৌদ্দ শতাব্দী অতিক্রম করেও আজ পর্যন্ত তার জীবনের প্রতিটি দিক জীবন্ত, অক্ষয় ও প্রাসঙ্গিক। কারণ তার আদর্শ কোনো কল্পনা নয়, কোনো তাত্ত্বিক চিন্তায় আবদ্ধ নয়, বরং বাস্তব জীবনের পরীক্ষিত ও পরিশীলিত ফল। এ কারণেই পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি যুগে তার জীবনের বিভিন্ন দিক গবেষণায় এসেছে। এভাবে আসতে থাকবে।

হিজরত নবীজির জীবনের এক অবিস্মরণীয় ঐতিহাসিক ঘটনা। এটি শুধু এক শহর থেকে আরেক শহরে যাওয়ার নাম নয়, বরং ইমান ও আকিদা রক্ষার জন্য দেওয়া এক মহান ত্যাগ। মক্কার নির্যাতন ও অন্ধকার ছেড়ে মদিনার আলোয় যাত্রা ছিল ইসলামের নব অধ্যায়ের সূচনা। হিজরতের মাধ্যমেই মুসলমানরা স্বাধীনভাবে ইবাদত ও ইসলামি সমাজ গঠনের সুযোগ পেয়েছিল। এতে শিক্ষা রয়েছে যে, ইমানের জন্য নিজের স্বাচ্ছন্দ্য, সম্পদ, এমনকি জন্মভূমিও ত্যাগ করতে হয়। আজও হিজরত আমাদের ধৈর্য, সাহস ও আল্লাহর ওপর ভরসার অনুপম শিক্ষা দেয়।

হিজরতের অর্থ হলো কোনো কিছুকে ঘৃণা করে তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা ত্যাগ করা। প্রচলিত অর্থে হিজরত মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া। আর শরিয়তের পরিভাষায়, হিজরত বলতে মূলত দারুল হারব (শত্রুদের আবাসস্থল বা যেখানে ইসলাম পালনের স্বাধীনতা নেই) থেকে দারুল ইসলাম (ইসলামি রাষ্ট্র বা যেখানে ইসলাম পালনের স্বাধীনতা আছে) অভিমুখে যাত্রা করাকে বোঝায়।

নবুয়তের ত্রয়োদশ বছরে এর সূচনা হয়। আর এই হিজরতের প্রকৃত অর্থকে বাস্তবে রূপদানকারী ছিলেন রাসুল (সা.), যিনি দারুল হারব থেকে হিজরত করে দারুল ইসলামের ভিত্তি স্থাপন করেন। ইতিহাস যাকে জানে ‘হিজরতে মদিনা’ নামে।

এ হিজরত ছিল মূলত ইসলামি দাওয়াতের এক নতুন অধ্যায় এবং ইসলামি রাষ্ট্রের সূচনা। বাহ্যিকভাবে যদিও এটি ছিল মক্কা থেকে মদিনায় গমন, কিন্তু ‘প্রকৃতপক্ষে এটি ছিল এক বিশাল চিন্তাগত ও আত্মিক বিপ্লবের সূচনা, যা কুফর ও গোমরাহির অন্ধকারে তওহিদের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল।

অতএব নবীজির হিজরতের শিক্ষাগুলো গভীরভাবে বুঝতে চাইলে প্রথমেই তার উদ্দেশ্যগুলো অনুধাবন করতে হবে। কারণ এ হিজরতের পেছনে অনেক হেকমত ও শিক্ষা রয়েছে। তা উল্লেখ করা হলো।

জুলুম ও শিরকের বিরুদ্ধে সংগ্রাম : হিজরত ছিল ইতিহাসের বুকে খোদাই করা এক অমর ঘোষণা। সে ঘোষণায় ছিল, ইমান ও তওহিদের ক্ষেত্রে কোনো আপস নেই। কোনো সমঝোতা নেই। মুসলমানের প্রাণ যদি চলে যায়, শরীর যদি ক্ষতবিক্ষত হয়, তবুও আল্লাহর একত্ববাদ থেকে তারা এক মুহূর্তের জন্যও বিচ্যুত হবে না। নিদারুণ কষ্টকে আলিঙ্গন করে, আপনজন ও প্রিয় জন্মভূমিকে বিদায় জানিয়ে, ঘরবাড়ি ও সম্পদ বিসর্জন দিয়েও তারা ইমানের জ্যোতিকে অক্ষুন্ন রেখেছিল। তাই হিজরত শুধু ভৌগোলিক স্থানান্তর নয়, বরং এটি মানবতার ইতিহাসে অবিচল বিশ্বাস, অটল সাহস ও ত্যাগের এক দীপ্ত আলোকস্তম্ভ, যা যুগে যুগে মুমিনের পথ আলোকিত করে আসছে।

ভ্রাতৃত্ব ও সমতার শিক্ষা : মদিনায় হিজরত করে নবী করিম (সা.) এমন এক সমাজের ভিত্তি স্থাপন করেন, যার প্রাণ ছিল ভ্রাতৃত্বের নির্মল বন্ধন। সেখানে ধনী-গরিব, আরব-অনারব, কালো-সাদা সব ব্যবধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল ইমানি সম্পর্কের ছায়াতলে। আনসাররা মুহাজির ভাইদের বুকে টেনে নিয়েছিল আপনজনের মতো, উন্মুক্ত করেছিল ঘর-দুয়ার। বিলিয়ে দিয়েছিল সম্পদ ও ভালোবাসা, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য।

এই ভ্রাতৃত্ব প্রমাণ করেছিল সমাজ গড়ে ওঠে না ধনসম্পদের প্রাচুর্যে, বরং একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হয় হৃদয়ের উদারতায় এবং আল্লাহর পথে পারস্পরিক ভালোবাসার আলোকে। মদিনার সেই ভ্রাতৃত্ব আজও মুসলিম উম্মাহর জন্য ঐক্য ও ত্যাগের চিরন্তন দৃষ্টান্ত।

সামাজিক সংস্কারের সংগ্রাম : হিজরত ছিল আরব সমাজের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা, যা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে প্রজ্জ্বলিত করেছিল আলোর প্রদীপ। সে সময় আরবের ভূমি দ্বন্দ্ব ও গোত্রীয় সংঘর্ষে পরিণত হয়েছিল এক ভয়ংকর আখড়ায়, যেখানে প্রতিদিনের বালুকণাও যেন মানুষের রক্তে রঞ্জিত হতো। সমাজের বাতাস ছিল নৈতিক অবক্ষয়, মদ্যপান, জুয়া, নারী অবমাননা ও কুসংস্কারের বিষাক্ত ধোঁয়ায় ভারাক্রান্ত। এমন এক ধ্বংসস্তূপ ও হতাশার মধ্যে হিজরত খুলে দিয়েছিল সংস্কার ও নবজাগরণের দ্বার।

এটি কেবল এক স্থানান্তর ছিল না, বরং ছিল অশান্ত মরুভূমিতে শান্তিও সত্যের সবুজ মরুদ্যানের সূচনা। হিজরতের পর মদিনায় প্রতিষ্ঠিত সমাজে প্রস্ফুটিত হয়েছিল ন্যায়, সমতা, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিকতার পুষ্পমালা, যা ধীরে ধীরে গোত্রতন্ত্রের কাঁটা সরিয়ে অন্ধকারকে মুছে দিয়েছিল। হিজরত মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য মোড়, যা রক্তপাত ও বিভক্তির সমাজকে ঐক্যের মালায় গেঁথেছিল এবং কুসংস্কারের শৃঙ্খল ছিন্ন করে মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করেছিল।

আদর্শ রাষ্ট্রের প্রতিষ্ঠা : নবীজির হিজরতের ফলশ্রুতিতে মদিনায় গড়ে উঠেছিল এক আদর্শ ইসলামি সমাজ, যা পরে গোটা দুনিয়ার জন্য সভ্যতা ও সংস্কৃতির সোনালি নীতিমালা দান করেছিল। ন্যায়, সমতা, ভ্রাতৃত্ব ও আধ্যাত্মিকতার যে আলো সেখানে ছড়িয়ে পড়েছিল, তা মানবতার ইতিহাসে এক নবজাগরণের সূচনা করে। কিন্তু এ মহিমাময় ফল সহজে আসেনি। এর জন্য প্রয়োজন হয়েছিল ব্যক্তিগত চাওয়া-পাওয়া, আবেগ-অনুভূতি, এমনকি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ নিজ জন্মভূমি ও আপনজনদের ত্যাগ করার। হিজরতের নির্দেশ মূলত ছিল নফসের সর্বশ্রেষ্ঠ কোরবানির আহ্বান। কারণ মানুষের হৃদয়ে সবচেয়ে প্রিয় দুটি জিনিস হলো তার মাতৃভূমি ও আত্মীয়স্বজন।

এই কোরবানির গভীরতা উপলব্ধি করা যায় নবীজির সেই হৃদয়বিদারক উচ্চারণে, যা তিনি মক্কা ত্যাগের সময় বলেছিলেন, ‘হে আমার প্রিয়তম মক্কা! তুমি কতই না সুন্দর শহর, কতই না প্রিয় আমার কাছে। যদি আমার জাতি আমাকে এখানে থেকে বের না করে দিত, তবে আমি কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও বসতি স্থাপন করতাম না।’ (তিরমিজি)

এই আহাজারি শুধু এক শহরের প্রতি ভালোবাসার প্রকাশ ছিল না, বরং ছিল ইমানের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়ার মহৎ অঙ্গীকারের প্রতীক। হিজরত শিক্ষা দেয়, প্রকৃত বিশ্বাসী আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয়তম সম্পদও কোরবান করতে দ্বিধা করে না।

হিজরতের বার্তা : নবীজির হিজরত মানবতার ইতিহাসে এক অভূতপূর্ব বিপ্লবের নাম। এটি কোনো সাধারণ স্থানান্তর নয়, বরং ছিল এক মহা আন্দোলনের সূচনা, যা অন্ধকারে নিমজ্জিত সমাজকে আলোর পথে পরিচালিত করেছিল। হিজরত আমাদের শেখায়, ইমান যদি অটুট হয়, আল্লাহর প্রতি আস্থা যদি দৃঢ় হয়, তবে সংখ্যার স্বল্পতা, শক্তির দুর্বলতা কিংবা দুনিয়ার সমস্ত প্রতিকূলতাই কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না।

হিজরতের প্রকৃত শিক্ষা হলো, প্রত্যেক মুমিন নিজের অন্তরকে পর্যালোচনা করবে, নিজের নফসকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে। সে ভাববে, আমি কি আল্লাহর দ্বীনের জন্য আমার সময়, শ্রম, সম্পদ, এমনকি প্রিয়তম জিনিসগুলো কোরবান করতে প্রস্তত? কারণ হিজরত দেখিয়ে দিয়েছে, ইমান রক্ষার জন্য নিজের মাতৃভূমি, স্বজন-সন্তান এমনকি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদও ত্যাগ করা আবশ্যক হলে দ্বিধা করা যাবে না।

নবীজির হিজরত আমাদের উম্মত হিসেবে জাগ্রত করে তোলে, আমাদের অনুপ্রাণিত করে যেন আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকি, বরং উম্মতের বহুমুখী সমস্যার সমাধানের জন্য বাস্তব উদ্যোগ, নিরলস প্রচেষ্টা এবং সংগ্রামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। হিজরত আমাদের স্মরণ করিয়ে দেয়, সত্যের পথে এগোতে হলে ত্যাগ-তিতিক্ষার দোরগোড়ায় কড়া নাড়তে হবে, কারণ মহান সাফল্যের পথ কখনো আরামের নয়।

হ্যাঁ, নিঃসন্দেহে এটি এক বিশাল কাজ, যা দাবি করে ত্যাগের অগ্নিপরীক্ষা, ধৈর্যের বাঁধন আর বিরাট কোরবানির নজির। কিন্তু এটিও এক অমোঘ সত্য যে, প্রকৃত সফলতা নিহিত আছে এই পথেই। হিজরত আমাদের শিখিয়েছে, জীবনের প্রকৃত বিজয় পাওয়া যায় তখনই, যখন আল্লাহর আদেশকে সর্বোচ্চে স্থান দিয়ে নফসের খেয়াল-খুশিকে পায়ের নিচে দমন করা হয়।