রেসিপি দিয়েছেন মারজানা তাবাসসুম অন্যা
চুই ঝালে গরুর মাংস
উপকরণ
মাংস ১ কেজি, চুই ঝাল আধা কাপ, আস্ত রসুন ৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, লবণ ২ চা চামচ, তেজপাতা ৩টি, দারুচিনি মাঝারি আকারে ২ টুকরা, এলাচ ৫টি, লবঙ্গ ৭টি, কালো গোলমরিচ ১০টি, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, রাঁধুনি গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
মাংসের সঙ্গে ভাজা জিরার গুঁড়া, রাঁধুনি গরম মসলা, আস্ত রসুন ও চুই ঝাল বাদে সব উপকরণ দিয়ে ভালো করে মেখে বেশি আঁচে দশ মিনিট রান্না করুন। এরপর এর মধ্যে ভাজা জিরার গুঁড়া ও চুই ঝাল দিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট জ¦াল দিন। এবার আস্ত রসুন দিয়ে রান্না করতে থাকুন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। মাংস সেদ্ধ হয়ে এলে এর মধ্যে রাঁধুনি গুঁড়া ও গরম মসলার গুঁড়া দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে চুলা থেকে নামিয়ে নিন।
পালংশাকে শোল মাছ
উপকরণ
পালংশাক ২ আঁটি, কাঁটা ছাড়া শোল মাছ কিউব করে কাটা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ৫টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ ১ চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
শোল মাছ হলুদ, মরিচ ও সামান্য লবণ দিয়ে মেখে তেলে হালকা করে ভেজে নিন।
এবার মাছ তুলে ওই তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা ভেজে এর মধ্যে ধুয়ে কেটে রাখা পালংশাক দিয়ে দিন। শাক হালকা সেদ্ধ হলে আধা কাপ পানিতে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিন। এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।
সয়া আলুর কারি
উপকরণ
সয়া ১ কাপ, আলু কিউব করে কাটা ১ কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা বাটা দেড় টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, কাঁচা মরিচ ৫টি, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, তেল আধা কাপ, ঘি ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
সয়া গরম পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রেখে হালকা চেপে পানি ফেলে দিন।
কিউব করে কেটে রাখা আলু লবণ ও হলুদ গুঁড়া মাখিয়ে তেলে ভাজুন। কড়াইতে তেল দিয়ে গোটা জিরার ফোড়ন দিন। এর মধ্যে সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা আলু ও সয়া দিয়ে পুনরায় কষিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে আল সেদ্ধ করে নিন। পানির পরিমাণ কমে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে দিন। চুলা থেকে নামানোর আগে ভাজা জিরার গুঁড়া ও ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
পোস্ত দিয়ে রূপচাঁদা
উপকরণ
রূপচাঁদা মাছ ৭ পিস, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, পোস্ত বাট সিকি কাপ, কালোজিরা ১ চিমটি, কাঁচা মরিচ ফালি ৫টি, তেল আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
রূপচাঁদা মাছ হলুদ, মরিচ ও সামান্য লবণ দিয়ে মাখিয়ে ২০ মিনিট রেখে তেলে ফ্রাই করে নিন। ফ্রাইপ্যানে তেল গরম করে কালোজিরা ফোড়ন দিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে কাঁচা মরিচ ফালি বাদে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানোর পরে মাঝারি আঁচে দশ মিনিট রান্না করুন। কাঁচা মরিচ ফালি দিয়ে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নামিয়ে নিন।