স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লুৎফুজ্জামান বাবরের বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘দ্রুত দেশে ফিরবেন’ বলে জানিয়েছেন দলটির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। তারেক রহমান কবে দেশে ফিরবেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সদস্য বলেন, ‘ইনশাআল্লাহ, দ্রুত ফিরে আসবেন। আপনারা সবাই দোয়া করবেন।’ এদিন বিকেল সোয়া ৪টার কিছু পর লুৎফুজ্জামান বাবর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কক্ষে যান। দুই ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তিনি বের হন। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরী, সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও সাবেক সিনিয়র সচিব কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। সাড়ে ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি।’ তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য, কিছু কিছু জিনিস আমাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, সে বিষয়গুলো আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের আসার উদ্দেশ্য বর্তমানে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারকে সহযোগিতা করা। সেই সহায়তার অংশ হিসেবে আমরা আমাদের কনসার্ন জানিয়েছি। তারাও একমত হয়েছেন। আলোচনা মোটামুটি ফলপ্রসূ হয়েছে। বিভিন্ন অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনো যে উদ্ধার হয়নি সে বিষয়েও আলোচনা হয়েছে।’

উদ্বেগের বিষয়গুলো নিয়ে সরকারকে কোনো সুপারিশ করেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘একটা ব্যাপারে আমরা কনসার্ন জানিয়েছি। অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে। সাধারণত নিয়োগ হয় কনস্টেবল, এসআই ও এএসপি পদে। কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে। যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে ভবিষ্যতে এএসআই হবে। তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে। আবার এসআই হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে। এ নিয়ে আলোচনা হয়েছে।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন মনে করছেন, এমন প্রশ্নে বলেন, ‘আমি এটুকু বলব, তারা ভালো করার যথেষ্ট চেষ্টা করছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমি স্যারের (লুৎফুজ্জামান বাবর) সঙ্গে তিন বছর কাজ করেছি। সুতরাং ওনার সঙ্গে আমার অনেক আগের পরিচয়। আজ (গতকাল) একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা অনেক ধরনের কথাবার্তা বলেছি।’ রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কথা বলার মধ্যে আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু-একটি রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে। কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয়।’