ভারতের সর্ব দক্ষিণের রাজ্য কেরালায় মানুষের মস্তিষ্কখেকো জীবাণুর প্রাদুর্ভাব ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই জীবাণুতে আক্রান্ত হয়েছেন ৫২ জন, তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন।
রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, মৃত এই ১৭ জনের মধ্যে সর্বকনিষ্ঠের বয়স ৩ মাস এবং সর্বজ্যেষ্ঠের বয়স ৫২ বছর। যে ৫২ জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে নারীর সংখ্যা ১৯ জন এবং পুরুষের সংখ্যা ৩৩ জন।
মস্তিষ্কের কোষক্ষয়ের এই রোগটির নাম প্রাইমারি অ্যামোয়েবিক মেনিনগোএনসেফালাইটিস বা প্যাম। নায়েগ্লেরিয়া ফাউলেরি নামের একটি এককোষী প্রাণী বা অ্যামিবা এই রোগটির জন্য দায়ী। পুকুর, নদী, অপরিষ্কার কুয়া এবং ক্লোরিন কম এমন সুইমিংপুলে বাস এবং বংশবিস্তারকারী এই অ্যামিবা নিঃশ্বাসের সময় নাক দিয়ে মানুষের মস্তিষ্কে প্রবেশ করে। তারপর মস্তিষ্কের কোষ-টিস্যুগুলো খাওয়া এবং বংশবিস্তার শুরু করে। চিকিৎসা ও রোগজীবাণু বিশেষজ্ঞদের মতে, প্যাম বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রোগগুলোর মধ্যে। এই রোগে আক্রান্তদের মৃত্যুর হার ৯৭ শতাংশ। তবে কেরালায় এখন পর্যন্ত এই হার বিস্ময়করভাবে কম ২৪ শতাংশ।