প্যানেল গুছিয়ে নিতে চলছে হিসাবনিকাশ

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের পদচারণায় নির্বাচন কমিশনের অফিস। গত রবিবার মনোনয়নপত্র বিতরণের মাধ্যমে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। চাকসু নির্বাচনে প্যানেল নির্বাচন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে দলের নেতাকর্মীদের একাংশ নির্বাচনের ফরম তুললেও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়নি। পূর্ণাঙ্গ প্যানেল দেওয়াসহ চাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ক্যাম্পাসে আসছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মনোনয়নপত্র বিতরণের দুদিন পার হলের ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতারা নির্বাচনের ফরম তোলেননি। বেশিরভাগ ছাত্র সংগঠন প্যানেলে অংশ নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে। প্রার্থীদের প্যানেল গুছিয়ে নিতে চলছে নানা হিসাব-নিকাশ। স্বতন্ত্র প্রার্থীরাও পিছিয়ে নেই।

চাকসু নির্বাচনে শাখা ছাত্রদল একক প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছেন ছাত্রদলের একাধিক নেতা। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে এসে বিচ্ছিন্নভাবে মনোনয়ন ফরম নিয়েছেন শাখা ছাত্রদল থেকে নির্বাচনে পদপ্রত্যাশীরা। আজ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে। এ ছাড়া অন্যান্য সংগঠনও আজ প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা। সব অংশীজনকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনে তোড়জোড় শুরু করেছে ছাত্রশিবির। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনেও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃত্বকে চাকসু ভবনে আসতে দেখা যায়নি। ইসলামী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করলেও সংগঠনটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে আজ।

এদিকে বাম সংগঠনগুলোর সমন্বয়ে ভিন্ন একটি প্যানেল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এতে ক্যাম্পাসে ক্রিয়াশীল বাম ছাত্রসংগঠনের নেতৃস্থানীয়রা ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচন করতে পারেন বলে জানা গেছে। সব মিলিয়ে চাকসু নির্বাচনে আটটির বেশি প্যানেল হতে পারে বিভিন্ন সূত্রে জানা গেছে।

হল সংসদে ‘হৃদ্যতার বন্ধন’ নামে প্রথম প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল হল সংসদ নির্বাচনে নবাব ফয়েজুন্নেসা হল থেকে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এ প্যানেলে গুরুত্বপূর্ণ প্রধান তিনটি পদে মনোনয়নপত্র নিয়েছেন সহসভাপতি (ভিপি) পদে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী পারমিতা চাকমা, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সিংঞোইউ মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে মে থুই চিৎ খেয়াং। অন্যান্য ১০ সম্পাদকীয় পদে মনোনয়নপত্র নিয়েছেন খেলাধুলা সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে খিং খিং রাখাইন, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে অপরাজিতা বড়–য়া, বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সুরঞ্জনা ত্রিপুরা, স্বাস্থ্য সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়েছেন ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অংমে মারমা, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোনালিসা চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক মেয়া তালুকদার। তিন নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন শিপ্রা তঞ্চঙ্গ্যা, অনন্যা চাকমা ও প্রমিত্য ত্রিপুরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), চবি শাখার নেতারা আজকে তাদের প্যানেল ঘোষণা দিতে হবে।

এদিকে গত পরশু রাতে বাগছাসের কেন্দ্রীয় সংগঠক রশীদ দিনারকে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগ দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, বাগছাস নেতা আল মাশনূনের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে রশীদ দিনারকে বহিষ্কার করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন কেন্দ্রীয় সংসদে ২৬ ও হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। গতকাল দ্বিতীয় দিনে ১৪১টি ফরম বিক্রি করা হয়েছে। কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭১ জন প্রার্থী। হল সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭০টি। এর মধ্যে ছাত্র হল সংসদে ২৫ জন প্রার্থী এবং ছাত্রী হলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৫ জন প্রার্থী। সর্বমোট মনোনয়নপত্র বিতরণের দুদিনে কেন্দ্রীয় সংসদে ৯৭, ছাত্র হল সংসদে ২৬, ছাত্রী হল সংসদে ৪৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে চাকসু নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১৬৯ জন।

এবারের নির্বাচনে স্নাতক ও স্নাতকোত্তরের বাইরেও এমফিল ও পিএইচডির শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন। চাকসু নির্বাচনের তফসিল মতে, মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষ দিন। ১৭ সেপ্টেম্বর শুধু মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘পুরো ক্যাম্পাস জুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী একটি স্বচ্ছ, নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন উপহার দিতে পারব। মনোনয়ন ফরম সংগ্রহের সময় আর বাড়ানো হবে না।’