বিক্ষোভের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে এ সময়সূচি পরিবর্তন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বিসিএস পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বরের জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে।
এতে বলা হয়, দেশবাসী এরই মধ্যে অবগত হয়েছেন যে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৫ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৫ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে জানা গেছে যে, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পোস্টে বলা হয়, এমতাবস্থায় বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত সচেতন ও দায়িত্বশীল অবস্থান নিয়েছে। আমরা মনে করি, বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না। সে কারণে এরই মধ্যে সারা দেশের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকাল বেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না, কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নেবেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী।
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দাবিতে ৩ দিনের কর্মসূচি জাগপার : সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনসহ ৭ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। গতকাল মঙ্গলবার পল্টনে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, ‘অন্তর্র্বর্তী সরকারের কাছে জনগণের চাওয়া ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না, প্রকৃত সংস্কার বাধাগ্রস্ত হতে দেখছি এবং যেনতেনভাবে এক জাতীয় নির্বাচন বাস্তবায়নের প্রস্তুতি ও রোডম্যাপ দেখতে পাচ্ছি। গতানুগতিক জুলাই ঘোষণাপত্রের পর, আইনগত ভিত্তি এবং বাস্তবায়নের পরিকল্পনাহীন এক জুলাই সনদের পরিকল্পনা দেখতে পাচ্ছি।
কর্মসূচি : ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে গণসংযোগ এবং ২৬ সেপ্টেম্বর সব সাংঠনিক জেলায় বিক্ষোভ মিছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মো. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার প্রমুখ।
এর আগে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন, জুলাই জাতীয় সনদের ভিত্তিসহ ৭ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামপন্থি তিনটি রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। জামায়াতে ইসলামী ছাড়া অন্য দুইটি ইসলামী দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস।