সীমানা পুনর্বিন্যাস

ফের আলটিমেটাম দিয়ে স্থগিত ভাঙ্গার বিক্ষোভ-অবরোধ

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলমান বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর থেকে আগামী শনিবার পর্যন্ত এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে রবিবার থেকে কঠোর কর্মসূচি পুনরায় শুরু করা হবে বলে পরিষদ জানিয়েছে।

দুপুর ১টায় ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের সামনে সর্বদলীয় সমাবেশ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম।

এদিকে, ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে উচ্চ আদালত রুল জারি করেছে। আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী দুই ব্যক্তি এবং স্থানীয় তিন বাসিন্দার দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, গতকাল সীমানা পুনর্বিন্যাস নিয়ে তৃতীয় দফার অবরোধ কর্মসূচির শেষ দিনে সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অবরোধ শুরু হয়। তবে তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় যান চলাচল পুনরায় শুরু হয়। এ সময় পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের মহাসড়কে ব্যাপক তৎপরতা ও টহল পরিলক্ষিত হয়।

গত সোমবারের তাণ্ডবের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলে জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সীমানা পুনর্বিন্যাস নিয়ে সোমবারের নৈরাজ্যের জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতা নিক্সন চৌধুরীকে দায়ী করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে সাধারণ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগের লোকজন প্রবেশ করে ব্যাঘাত সৃষ্টি করছে।’

সম্প্রতি নিক্সন চৌধুরীর একটি ফেসবুক লাইভ ভাইরাল হয়, যেখানে তার দেওয়া বক্তব্যের কারণে আওয়ামী লীগের কিছু লোক সাধারণ মানুষের আন্দোলনে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে, প্রেক্ষাপটে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে চিঠি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। চিঠিতে তিনি উল্লেখ করেন, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সংসদীয় সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে। এতে ফরিদপুর-৪ এর আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। গেজেট প্রকাশের পর থেকে ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার সাধারণ জনগণ এ সীমানা বিন্যাস বাতিলের দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে, ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় এবং সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ছাড়া, সড়ক ও রেলপথ অবরোধের ফলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যাহত হয়, যা জনগণের জন্য তীব্র ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক গত রাতে ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করেন। তিনি বলেন, ‘যারা ফ্যাসিস্ট, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি এবং জনগণের আবেগ-অনুভূতি তুলে ধরে একটি প্রতিবেদন পাঠিয়েছি। হাইকোর্টে রিট হওয়ায় ২১ সেপ্টেম্বর শুনানির পর বিষয়টির দিকনির্দেশনা জানা যাবে।’ তিনি ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা কর্মসূচি থেকে সরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের কষ্ট যেন না হয়, সেজন্য কর্মসূচি থেকে বিরত থাকুন।’

ভাঙ্গার দুটি ইউনিয়ন নিয়ে হাইকোর্টের রুল : ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। মনোনয়নপ্রত্যাশী দুই ব্যক্তি ও স্থানীয় তিন বাসিন্দার রিটের প্রাথমিক শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রুল জারি করে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব বলেন, সংবিধানের ১২৫(ক) অনুচ্ছেদ এবং নির্বাচনী আইনের ৭ ধারা কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও হাইকোর্ট রুল জারি করেছে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে হবে।

গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্বিন্যাসিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ কর্মসূচি চলছে। গত সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিষয়টি নিয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, হাইকোর্টের রুল ও জেলা প্রশাসকের চিঠি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘রিটের বিষয়টি বিবেচনায় নিয়ে আইনগতভাবে যা প্রযোজ্য, সেই ব্যবস্থা নেওয়া হবে।’ তবে কমিশন এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান তিনি।