কোথাও নেই বাপ্পী!

কয়েক বছর আগেও বেশ ব্যস্ত ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। কিন্ত বেশ কিছুদিন ধরেই নতুন কোনো ছবির শুটিংয়ে দেখা যাচ্ছে না তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা মিলছে না তার। নেই কোনো নতুন খবরেও। এমনকী কোনো অনুষ্ঠানেও অনুপস্থিত এই নায়ক। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ‘শত্রু’ সিনেমায়। এরপর থেকেই উধাও। বিশেষ করে মমতাময়ী মাকে হারিয়ে ইন্ডাস্ট্রি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন। এরপর বাপ্পীকে সেভাবে ব্যাক করতে দেখা যায়নি। 

গত বছর  গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ কাপ্পাী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা বলেছিলেন, ‘মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না।’ 

ওই সময় তিনি আরও বলেন, ফ্যামিলি ওরিয়েন্টেড কাজে সময় ব্যয় করছি। পারিবারিক ব্যবসা আছে, সেখানেও গিয়ে বসছি। মানে আমার যে শুটিংয়ের টাইম, সেই টাইমে পারিবারিক ব্যবসা একটু দেখাশোনা করছি। তবে শিগগিরই ক্যামেরার সামনে ফিরব।’ 

গত বছরের শেষদিকে বাপ্পী গণমাধ্যমকে জানিয়েছিলেন, ২০২৫ সালেই পর্দায় ব্যাক করবেন তিনি।  তিনি বলেন, আমাকে নিয়ে অনেক সমালোচনা আছে। তবে আমি মনে করি, একটি ভালো সিনেমা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়া সম্ভব। এমন চিন্তাধারা নিয়েই এগোচ্ছি। গল্প হাতে নিয়ে বিশ্লেষণ করছি, কোনো চরিত্রে আমি পারফেক্টভাবে নিজেকে উপস্থাপন করতে পারব, এটা একটা বিষয়, কোন চরিত্রে দর্শক আমাকে দেখবেন, সেটাও মাথায় আছে। আবার এটা বিয়ের পরেও হতে পারে। বলা যায় না, বউ ভাগ্য বলতেও একটা ব্যাপার আছে।’ 

কিন্তু বছর শেষ হয়ে যাচ্ছে বাপ্পীর দেখা মিলছে না। মোবাইল ফোনে ফোন দিলেও ধরছেন না, হোয়াটস্যাপেও সাড়া দিচ্ছেন না। বছরে আর ৩ মাস বাকি রয়েছে, এই তিন মাসে চলচ্চিত্রে ফেরা কী সম্ভব? দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়!