আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার আলেহান্দ্রো পাপু গোমেজ দুই বছরের ডোপিং নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে আছেন। এতদিন পর তিনি নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন। বললেন, এই নিষেধাজ্ঞাকে তিনি এখনও অন্যায্য বলেই মনে করেন। নিজের সন্তানের কাশির সিরাপ খেয়ে ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময়েই ফুটবল থেকে নির্বাসিত হতে হয়েছিল তাকে।
৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলে ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে তার শরীরে টারবিউটালিন নামক নিষিদ্ধ বি২-অ্যাড্রেনার্জিক পদার্থের উপস্থিতি ধরা পড়ে, যা সাধারণত হাঁপানি বা কাশির ওষুধে ব্যবহৃত হয়। এই ঘটনার পর তৎকালীন ক্লাব সেভিয়া তার সঙ্গে চুক্তি বাতিল করে। পরে সংক্ষিপ্ত সময়ের জন্য মনজায় খেললেও বর্তমানে তিনি ইতালির সেরি-বি ক্লাব পাডোভায় অনুশীলন করছেন।
চলতি বছরের ১৮ অক্টোবর পাপুর নিষেধাজ্ঞা শেষ হবে। এর আগে আর্জেন্টিনার গণমাধ্যম ‘কোর্তা’ কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তুমি যদি কোকেন নাও বা গাঁজা খাও, তাহলে ছয় মাসের নিষেধাজ্ঞা। আর আমি আমার ছেলের কাশি সিরাপ খেয়ে দুই বছরের নিষেধাজ্ঞা পেলাম! এটা কে বিশ্বাস করবে? আমি খুব রাগান্বিত হয়েছিলাম। ফুটবল আমার কাছে মৃত হয়ে গিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমি টিভিতে খেলা দেখা বন্ধ করে দিয়েছিলাম। নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, এমনকি মনোবিদের সাহায্য নিতে হয়েছিল, কারণ আমি এক ভয়াবহ মানসিক সমস্যায় পড়েছিলাম। ক্যারিয়ারের সেরা সময়ে, বিশ্বকাপ জয়ের পরপরই এমন শাস্তি আমার জন্য ভীষণ আঘাত ছিল। আমি ভাবতাম, কেন আমাকে জোর করে অবসরে পাঠানো হচ্ছে, যখন আমি এখনো খেলতে চাই? কেন কয়েকজন স্যুট-পরা মানুষ, যারা নিজেরা কখনো খেলাধুলা করেনি, তারা ঠিক করবে আমি কবে অবসর নেব?’
এই মুহূর্তে পাডোভার হয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন পাপু গোমেজ। তার চোখে এটা শুধু মাঠে ফেরা নয়, বরং নিজের মানসিক লড়াই জিতে নতুন জীবনের শুরু। তিনি বলেন, ‘জীবন কখনো কখনো এমন ধাক্কা দেয়, যা মেনে নেওয়া কঠিন। কিন্তু আমি হাল ছাড়িনি। এবার ফিরে এসে নিজেকে নতুন করে প্রমাণ করতে চাই।’
জাকের তো ব্যাটে বল লাগাতেই পারছে না: মিসবাহ
গোল-অ্যাসিস্টে অসাধারণ এক জয় মেসির
পাকিস্তানের আপত্তিতে পাইক্রফটকে সরিয়ে দিল আইসিসি
জাপানে ভুয়া ফুটবল দল পাঠিয়ে বড় কেলেঙ্কারিতে পাকিস্তান!