সৌর ব্যতিচারের কারণে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত আট দিন কিছু সময়ের জন্য স্যাটেলাইট-১ ব্যবহারকারী টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
গতকাল বুধবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুবার ঘটে। এর ফলে স্যাটেলাইটনির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এই প্রাকৃতিক মহাজাগতিক ঘটনার ফলে ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে ৮১ মিনিট সম্প্রচারে সমস্যা হতে পারে।
সূর্য, স্যাটেলাইট এবং স্যাটেলাইটের আর্থ স্টেশন (ভূ-কেন্দ্র) একই সরলরেখায় চলে আসার ঘটনাকে সৌর ব্যতিচার বলে। এ সময় সূর্যের তীব্র বিকিরণের কারণে স্যাটেলাইটের সিগন্যাল গ্রহণ বাধাগ্রস্ত হয়, যার ফলে সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটে।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী ২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (মোট ৩ মিনিট), ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (মোট ৯ মিনিট), ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১২ মিনিট), ২ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১৩ মিনিট), ৩ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট (মোট ১৩ মিনিট), ৪ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪১ মিনিট (মোট ১২ মিনিট), ৫ অক্টোবর সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট (মোট ১১ মিনিট) ও ৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৩৮ মিনিট (মোট ৮ মিনিট) সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিএসসিএল সৌর ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বিএসসিএল বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) ব্যবহার করে বর্তমানে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার এবং টেলিযোগাযোগ সেবা প্রদান করছে।