ব্রিফিংয়ে ইসি সচিব

পোস্টালবিডি অ্যাপে ভোট দেবেন প্রবাসী কর্মকর্তা ও বন্দিরা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন। পোস্টালবিডি অ্যাপের মাধ্যমে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ।

নিবন্ধিতদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে ফেরত আনা হবে দেশে। আমরা নির্দিষ্ট সময়ে একটা ব্যালট পেপার, আরেকটা খামের ভেতরে ভরে, একটা বড় খামের মধ্যে তিনটা খাম দিয়ে প্রবাসীদের ঠিকানায় পোস্ট করা হবে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে। ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না। শুধু থাকবে সিম্বল এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোট দেবেন।

ইসি সচিব জানান, যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্যে ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটা করা হয়েছে। পদ্ধতিটা প্রবাসীদের মতো একই। শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা কবে নাগাদ শুরু করতে পারব এটা সিডিউল ঘোষণার সঙ্গে সম্পর্কিত। আমরা এটা সিনক্রোনাইজ করে পরে জানিয়ে দেব।

আগামী রবিবার ইইউ প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিমের সঙ্গে ইসি বৈঠক করবে জানিয়ে ইসি সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিমের সঙ্গে ২২ সেপ্টেম্বর ইসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দুপুরে এ টিম আসবে। তাদের সঙ্গে ইসি কর্মকর্তাদেরও একটা টিম থাকবে।

৭০ শতাংশ নির্বাচনী সামগ্রী কেনা শেষ হয়েছে জানিয়ে আখতার আহমেদ আরও বলেন, ইতিমধ্যে মার্কিং সিল, গালা, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, হেসিয়ান ব্যাগসহ বেশ কিছু সরঞ্জাম দেশে পৌঁছেছে। মোট ৭০ শতাংশ কেনাকাটা শেষ হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে চাহিদা অনুযায়ী সব সরঞ্জাম পৌঁছে যাবে। নির্বাচন প্রস্তুতি পুরোদমে চলছে।

নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন অধ্যাদেশ  গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে। এ অধ্যাদেশের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের সার্ভিস গঠন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইসির অধীনে রাখার বিষয়গুলো অনুমোদিত হয়েছে বলে জানান আখতার আহমেদ।

নতুন দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ও অংশীজনের সঙ্গে সংলাপ সূচি আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলে জানিয়ে এই জ্যেষ্ঠ সচিব বলেন, ২২টি নিবন্ধন আগ্রহী দলের সরেজমিন তদন্ত শেষ হয়েছে। তিন শতাধিক পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের আবেদন করেছে। সেপ্টেম্বরে অংশীজনের সঙ্গে সংলাপের বিষয়গুলো আলোচিত হবে।

আখতার আহমেদ বলেন, সিইসি কানাডা সফর শেষে দেশে ফিরেছেন গতকাল। রবিবার-সোমবার কমিশন সভা হতে পারে। সভায় দল নিবন্ধন চূড়ান্ত, সংলাপ শুরুর নির্ধারিত তারিখ এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা হবে।

সীমানা নির্ধারণ নিয়ে ইতিমধ্যে সংক্ষুব্ধ অনেকেই আদালতে রিট করেছেন। বাগেরহাট ও ফরিদপুরে বিক্ষোভ হয়েছে। বর্তমানে অন্তত ১৮টি রিট দায়ের হয়েছে। এ বিষয়ে আখতার আহমেদ বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এ বিষয়ে এখন কথা বলা সমীচীন হবে না। আইনে সীমানা নির্ধারণে ইসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। তবে নাগরিকদের আদালতে যাওয়ার অধিকার রক্ষিত। সেক্ষেত্রে সীমানাসংক্রান্ত বিষয় আদালতের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।