ইসলামি দলগুলোর কর্মসূচি অহেতুক চাপ সৃষ্টি করা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতসহ ইসলামি দলগুলোর কর্মসূচির কোনো প্রয়োজন ছিল না। আলোচনা চলছিল, এ অবস্থায় এ ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে একটি অহেতুক চাপ সৃষ্টি করা।’ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘এভাবে রাজপথে এলে সমাধান হয়ে যাবে? আমার প্রশ্ন। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে নামেনি, আলোচনার মধ্য দিয়েই সব সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছে। আমার বিশ্বাস এগুলো আলোচনার মাধ্যমেই শেষ হবে।’ তিনি বলেন, ‘বিএনপি বারবার বলেছে, পিআরের ব্যাপারে পরিষ্কার বার্তা, সেটা হলো বিএনপি পিআরের পক্ষে নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, অনেক বিষয় নিয়ে বিএনপি একমত হয়েছে, সে বিষয়গুলো সামনে আনলে হয়। একটা বিষয় পরিষ্কার, যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন। জনগণের সমর্থনে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে, সেই পার্লামেন্ট সংবিধান পরিবর্তন, সংশোধন করতে পারবে, সেখানেই সেটা সম্ভব।’

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনো কথা হয়নি জাতিসংঘ সফর নিয়ে। সেখানে কী ভূমিকা হবে জানি না। তবে দেশের সম্পর্ক ও গণতন্ত্র উত্তরণ নিয়ে কথা হবে, উন্নয়নের বিষয়ে প্রাধান্য পাবে। দেশের সমস্যা সমাধানে উদ্যোগ নিজেদেরই নিতে হবে, সেটা সবার সমন্বিত প্রচেষ্টায় রাজনীতিকদের নিতে হবে। বাংলাদেশের সিদ্ধান্তগুলো আগেও দেশের মানুষ নিয়েছে, এবারও নেবে। বাইরের সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল।