অস্ত্র সমর্পণের প্রস্তাব ভারতের মাওবাদীদের

ভারতের নিষিদ্ধ ও সশস্ত্র বামপন্থি সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওবাদী (সিপিআই-মাওবাদী) এই প্রথম সশস্ত্র লড়াই থেকে সরে আসার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে অস্থায়ী সশস্ত্র অভিযান বন্ধ রাখার কথা জানিয়েছে মাওবাদীরা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে এক মাসের সংঘর্ষ বিরতির অনুরোধ জানানো হয়েছে। এই সময়ের মধ্যে শান্তিচুক্তির পথে যাওয়ার কথাও জানিয়েছে মাওবাদীরা। প্রায় এক বছর ধরে রাজ্য ও কেন্দ্রের সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্তিশগড় রাজ্য ও এর সংলগ্ন অঞ্চলে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দলের শীর্ষ নেতৃত্বের বড় একটা অংশ রয়েছে; রয়েছে সাধারণ নাগরিকরাও, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক মানবাধিকার ও নাগরিক সংগঠন। তাই অস্ত্রবিরতির শর্তে সরকারের সঙ্গে শান্তির আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছে মাওবাদীরা।

এই প্রথমবার মাওবাদীরা সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে শান্তি আলোচনায় রাজি হয়েছে। তার জন্য অভ্যন্তরীণ আলোচনার সময় চেয়েছে তারা।

বিবৃতিতে মাওবাদীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্তাদের অস্ত্র সংবরণের প্রস্তাবের কথা স্বীকার করেছে। বলা হয়েছে, জাতীয় ও বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা শান্তির বার্তা দিতে চাই। একইসঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর লাগাতার অস্ত্র সমর্পণের অনুরোধ মেনে নিয়ে সমাজের মূলস্রোতে ফিরতে চাচ্ছি। তবে আলোচনার জন্য আমাদের এক মাস সময় দিক সরকার। এর মধ্যে আমরা আত্মগোপনে থাকা ও বন্দি নেতাদের সঙ্গে আলোচনা করতে পারব।

বিবৃতিটি গত ১৫ আগস্ট লেখা হলেও সম্প্রতি এটি প্রচারমাধ্যমের হাতে এসেছে। বিবৃতির শেষে কেন্দ্রীয় কমিটির মুখপাত্র কমরেড অভয়ের স্বাক্ষর রয়েছে। এই বিবৃতি মাওবাদীদের একেবারে শীর্ষ নেতৃত্বের বিবৃতি হলেও দলের গোটা নেতৃত্ব, অর্থাৎ পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সব সদস্য মেনে নিয়েছেন কি না তা এখনো স্পষ্ট নয়। এমনকি ভারতের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত মাওবাদীদের এই চিঠির বিষয়ে নিজেদের অবস্থান জানায়নি এবং শান্তি আলোচনার প্রস্তাবেরও কোনো সাড়া দেয়নি।