ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল

অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল পর্তুগাল। গত শুক্রবার পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের একদিন আগে, আজ রবিবার থেকে এই স্বীকৃতি কার্যকর হবে। পর্তুগিজ সংবাদপত্র কোরেইও দ্য মানহা জানিয়েছে, ডানপন্থি প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এই সিদ্ধান্ত চূড়ান্তে প্রেসিডেন্ট ও সংসদের সঙ্গে আলোচনা করেছেন।

এদিকে, ইসরায়েলের কাছে আরও ৬৪০ কোটি ডলারের সরঞ্জাম ও অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য কংগ্রেসের অনুমোদন চাইছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিষয়ে অবগত ব্যক্তিরা গত শুক্রবার জানিয়েছে, প্রস্তাবিত এই অস্ত্র প্যাকেজের মধ্যে রয়েছে আক্রমণাত্মক হেলিকপ্টার এবং সেনা বহনকারী সাঁজোয়া যান। পেন্টাগন সূত্রে জানা গেছে, প্যাকেজে ৩০টি আধুনিক সামরিক হেলিকপ্টার ও ৩ হাজার ২৫০টি সাঁজোয়া যান রয়েছে। এ ছাড়াও হেলিকপ্টার ও ট্যাংকের যন্ত্রাংশ ও গোলাবারুদও ইসরায়েলকে সরবরাহ করা হবে।