পাশে দাঁড়িয়ে হৃদয় জয়

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের কৃষক তরিক বিশ্বাসের মেয়ে সাদিয়া ইসলাম নার্সিং ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন। তবে অর্থাভাবে তার ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। এ সময় পারভেজ মল্লিক এগিয়ে এসে ভর্তি বাবদ সম্পূর্ণ অর্থ তুলে দেন তার পরিবারের হাতে। শুধু তাই নয়, সাদিয়ার পড়াশোনার সব খরচ বহনের প্রতিশ্রুতিও দেন তিনি।

সাদিয়ার পিতা তরিক বিশ্বাস জানান, ছেলে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসার খরচে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ অবস্থায় মেয়ের লেখাপড়া চালানো ছিল অসম্ভব। পারভেজ মল্লিকের সহায়তায় তার পরিবার বিপদমুক্ত।

অন্যদিকে, তেরখাদা উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের শাহিনুর খাতুন, যিনি অল্প বয়সে হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে দুই হাত-পা হারান, বহু বছর ধরে পরিবারের বোঝা হয়ে ছিলেন। কিন্তু পারভেজ মল্লিক তার ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা দেন। নতুন ফ্রিজ কিনে দিয়ে দোকানে আইসক্রিম ও বোতলজাত পানি জাতীয় পণ্যের ব্যবসা শুরু করতে সাহায্য করেন। শাহিনুর খাতুন জানান, এখন তার ব্যবসা ভালো চলছে এবং তিনি নিজেই আত্মনির্ভর হতে পেরেছেন।

শুধু সাদিয়া ইসলাম বা শাহিনুর খাতুন নন; শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে নিয়মিত মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছেন খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিক। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মানবিক, শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকান্ডে আলোচিত হয়ে উঠেছেন।

জানা যায়, তিনি এখন পর্যন্ত ১২৫ জন শিক্ষার্থীর এক বছরের বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করেছেন। ৪২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের স্কুলব্যাগ এবং সবার জন্য খাতা-কলম বিতরণ করেছেন। মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও বই কেনার জন্য নগদ অর্থ দিয়েছেন। এ ছাড়া আড়াই হাজার শিক্ষকের মধ্যে ছাতা উপহার হিসেবে বিতরণ করেছেন। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চিকিৎসায়ও তিনি নিয়মিত আর্থিক সহায়তা করে যাচ্ছেন।

মানবিক কর্মকান্ডের অংশ হিসেবে বর্ষা মৌসুমে ১ হাজার শ্রমজীবী মানুষের মধ্যে টি-শার্ট, ভ্যানচালকদের রেইনকোট এবং ইমাম-মোয়াজ্জিনদের পাঞ্জাবি বিতরণ করেন। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রায় সাড়ে ৩০০ ফুটবল বিতরণ করেছেন। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিক্ষিত নারীদের এক মাসের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন। প্রশিক্ষণ শেষে প্রতিবারই ১০ জনকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান অব্যাহত রেখেছেন। পরিবেশ রক্ষায় বর্ষা মৌসুমে গাছের চারা রোপণও তার নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে।

রাজনৈতিক কর্মকান্ডেও সক্রিয় পারভেজ মল্লিক খুলনা-৪ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে প্রচারপত্র বিলি করছেন।

পারভেজ মল্লিক বলেন, রাজনীতি জীবনের শুরুর দিকেই তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালের ২৩ জুন রাজনৈতিক প্রতিহিংসা, মামলা ও নির্যাতনের কারণে দেশত্যাগ করে লন্ডনে যেতে বাধ্য হন। প্রবাসে থেকেও তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রেখেছেন। বর্তমানে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানান, খুলনা-৪ আসনের মানুষ সহজ-সরল ও অতিথিপরায়ণ। যদি জনগণ আমাকে বিজয়ী করেন, তবে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক, ব্রিজ ও ক্ষুদ্র শিল্প গড়ে তুলব। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও সুরক্ষায় তিন উপজেলা ও থানাকে সমন্বিত করে কাজ করব। তার মানবিক কর্মকা- ও উন্নয়ন ভাবনা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সুবিধাভোগীরা প্রকাশ্যে সন্তুষ্টি জানিয়ে তার সাফল্য কামনা করেছেন।