চার দিনের সফরে মালয়েশিয়া গেলেন সেনাপ্রধান

‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইসিপিএসি)-২০২৫ ’-এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল সোমবার মালয়েশিয়ার উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনা প্রধানরা মৈত্রী ও সহযোগিতা  জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন।