সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৬০ কোটি লোপাটের মামলা

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেস্ট গ্রুপের চেয়ারম্যান আমিন আহম্মেদ ও বেস্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উম্মে কুলসুমকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ আটজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপসহকারী পরিচালক সজীব আহমেদ বাদী হয়ে দুদকের ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ফরেন এক্সচেঞ্জ ঢাকা শাখার গ্রাহক বেস্ট সার্ভিসেস লিমিটেড ২০২২ সালের ১৬ জুন ঋণের জন্য আবেদন করেন এবং ৬ জুলাই অনুষ্ঠিত ইউসিবির ৪৭২তম বোর্ডসভায় ঋণ অনুমোদন হয়। পরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশ করে জাল-জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ঢাকা শাখার গ্রাহক বেস্ট গ্রুপের চেয়ারম্যান আমিন আহম্মেদ ও তার স্ত্রী বেস্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উম্মে কুলসুমকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ৬০ কোটি টাকা ভূমিমন্ত্রীর নিজস্ব কর্মচারীদের হিসাবে স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর এবং বিদেশে পাচারের অপরাধে মামলাটি করা হয়।

মামলার আসামিরা হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান রুকমিলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক ও আরামিটের এজিএম আব্দুল আজিজ, ক্ল্যাসিক ট্রেডিংয়ের মালিক আরামিট গ্রুপের এজিএম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল ট্রেডিংয়ের মালিক ও আরামিটের কর্মকর্তা মোহাম্মদ মিছাবাহুল আলম, লুসেন্ট ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহিদ এবং রেডিয়াস ট্রেডিংয়ের মালিক মো. ফরিদ উদ্দীন।