অর্থ উপদেষ্টা বললেন

বড় প্রকল্পের টাকা পুঁজিবাজার থেকে নিতে হবে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগামীতে বাংলাদেশে বড় বড় প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে আয়কর ও ব্যাংকিং খাতের ওপর নির্ভর করা যাবে না। এর পরিবর্তে প্রকল্পগুলোকে পুঁজিবাজারে যেতে হবে। কারণ বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এজন্য আগামীতে বাংলাদেশের বন্ড মার্কেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।’

গতকাল সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জে যৌথভাবে আয়োজিত বন্ড মার্কেটবিষয়ক সেমিনারের প্রথম সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বাংলাদেশের শেয়ারবাজার এখনো উন্নত হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘শেয়ারবাজারে সরকারি বন্ডের একটি অংশ আছে, কিন্তু বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। এখানে ইকুইটি মার্কেট কার্যত নগণ্য। পৃথিবীর কোথাও সরকারি বা বেসরকারি খাত হোক, শুধু ব্যাংক থেকে ঋণ নিয়ে পরে তা খেলাপি করে দায় এড়িয়ে যাওয়া বৈধ নয়। অথচ বাংলাদেশে এটা এক করুণ বাস্তবতা।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘শেয়ারবাজারে ছোট বিনিয়োগকারীরা ঝুঁকি মানতে নারাজ এবং বিনিয়োগ করলে মুনাফা নিশ্চিত মনে করে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক খেলাপি হয়েছে, যা অর্থনীতিতে সমস্যা তৈরি করেছে। এ ছাড়া বেক্সিমকোর সুকুক বন্ড খারাপ উদাহরণ স্থাপন করেছে। তাই ভবিষ্যতে সুকুক ইস্যুর ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।’

আয়কর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্য দেশে আয়কর বেশি দিলেও জনগণ সেবা পায়, কিন্তু আমাদের দেশে মানুষ আয়কর দিলেও সেবা পান না। এজন্য জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে। এই সমস্যা সমাধানে এনবিআরকে সেবা দিতে হবে।’

বক্তব্যে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘বাংলাদেশে ব্যাংকের আধিপত্য বেশি, অন্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি। বীমা খাতেরও ভূমিকা খুবই কম। তিনি বলেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব; এজন্য বন্ডে চাহিদা বাড়াতে হবে। পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড ব্যবহার করা যেতে পারে।’

তিনি আরও জানান, বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে এবং বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি একসঙ্গে কাজ করছে।