বিসিবি নির্বাচন নিয়ে চলছে জমজমাট নাটক। এতদিন আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা গেলেও হুট করে ফারুক আহমেদও এসে গেছেন। সে যাই হোক, বিসিবি সভাপতি পদে আমিনুল ইসলামকেই সমর্থন দিচ্ছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সাবেক সতীর্থ তামিম ইকবালকে তিনি দেখতে চান অন্য পদে।
গণমাধ্যমের সাথে আলাপচারিতায় ‘লিটল মাস্টার’ খ্যাত আশরাফুল বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো বিসিবির গত দুইজন সভাপতিই সাবেক অধিনায়ক ছিলেন। বুলবুল ভাই এবং তামিম দুজনই সাবেক অধিনায়ক। তামিমের সব কথা আমরা শুনছি—সে কী কী করতে চায়। অন্যদিকে, বুলবুল ভাই ইতোমধ্যে চার মাস ধরে কাজ করছেন। বুলবুল ভাইয়ের ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট আপনারা দেখেছেন। ১৬ বছর ধরে বাংলাদেশে লেভেল-৩ কোচিং কোর্স হয়নি, আম্পায়ারদের কোর্স হয়নি—যা বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের জন্য খুবই জরুরি। এসব কাজের উদ্যোগ নিয়েছেন বুলবুল ভাই।’
আশরাফুল আরও বলেন, ‘তাদের দুজনেরই অভিজ্ঞতা আছে। তামিমের অভিজ্ঞতা মূলত খেলার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বুলবুল ভাইয়ের অভিজ্ঞতা অনেক বিস্তৃত। তিনি আইসিসির হয়ে কাজ করেছেন, ক্রিকেটের ভেতরেই কাজ করেছেন এবং এই দেশের সংস্কৃতি সম্পর্কেও ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বুলবুল ভাইয়ের পক্ষেই যাব, তার অভিজ্ঞতা ও সম্মানের কারণে।’
তবে তামিমের সম্ভাবনাকে অবহেলা করতে চান না সাবেক এই অধিনায়ক, ‘তামিম অবশ্যই ভালো। তিনি বোর্ড পরিচালক হয়ে আসতে পারেন। ক্রিকেট উন্নয়নের জন্য অনেক ক্ষেত্র আছে, শুধু সভাপতি হয়েই কাজ করতে হবে এমন নয়। বুলবুল ভাইও যদি সভাপতি না হন, তাহলেও উনি কাজ করতে পারবেন। আমাদের মূল লক্ষ্য দেশকে সেবা দেওয়া। দুইজনের প্রতিই শুভকামনা রইল।’