আজ পাকিস্তান-শ্রীলঙ্কার জটিল সমীকরণের ম্যাচ; দেখুন সম্ভাব্য একাদশ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম

এশিয়া কাপে টানা দুইটি উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে আজ মঙ্গলবার মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলের দ্বৈরথ সাধারণত খুব বেশি উত্তেজনাপূর্ণ না হলেও আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। ম্যাচটি যারা জিতবে তারা ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে। হারলেও যে ফাইনালের আশা শেষ হয়ে যাবে সেটা নয়। সব মিলিয়ে জটিল সমীকরণের সামনে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

আজ যদি শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ভারত জিতলেই তারা বাদ পড়বে। আর যদি বাংলাদেশ জিতে, তাহলে শ্রীলঙ্কা ফাইনালের দৌড়ে থাকবে। অবশ্য শেষ ম্যাচে ভারতকে হারালেও ২ পয়েন্টের বেশি হবে না লঙ্কানদের। সে ক্ষেত্রে ফাইনালে ভারতের সঙ্গী হবে বাংলাদেশ কিংবা পাকিস্তান। বাংলাদেশ টানা দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারিয়ে দিলে আজ হেরেও আসালাঙ্কাদের ফাইনালে ওঠা সম্ভব।

অন্যদিকে আজ পাকিস্তান হারলে সালমান আগাদের একটা অপ্রিয় কাজ করতে হবে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে তাদের চিরশত্রু ভারতকে সমর্থন দিতে হবে। বাংলাদেশ জিতলেই যে সালমান আগাদের ফাইনাল স্বপ্ন শেষ হয়ে যাবে। আজ পাকিস্তান হারলে দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য থাকবে দলটি, শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। বাংলাদেশ কাল ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪, ভারতের ২।

সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। যার অর্থ ম্যাচটি পরিত্যক্ত হলেও দুই দলের পয়েন্ট হবে ৩ করে। যারাই জিতবে, তাদের পয়েন্ট হবে ৪। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারালেও ২ পয়েন্ট বেশি হবে না পাকিস্তানের। সমীকরণের এখানেই শেষ নয়। আগামীকাল ভারত যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তবে আজ হেরেও পাকিস্তান ফাইনালে উঠতে পারবে।

এক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচে জিততে হবে ভারতকে। তখন বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার সমান ২ পয়েন্ট করে থাকবে। নেট রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে। এত সমীকরণে পড়তে চাইবে না কোনো দলই। তাই পাকিস্তান ও শ্রীলঙ্কা উভয় দলই আজ জয়ের জন্য সর্বোচ্চটা উজার করে দেবে।

সম্ভাব্য একাদশ

পাকিস্তান (সম্ভাব্য): সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

শ্রীলঙ্কা (সম্ভাব্য): পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, নুয়ান তুষারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত