চলতি এশিয়া কাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে তিনটিতেই এসেছে জয়। আজ বুধবার ফাইনালের পথে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। প্রতিবেশী দেশটির বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা আছে। প্রশ্ন উঠেছে, আজকের ম্যাচে তানজিম সাকিবকে কি দেখা যাবে?
গ্রুপ পর্বে দুটি ম্যাচে তানজিম সাকিবকে দেখা গেছে। এর মাঝে হংকংয়ের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন এই তরুণ পেসার। তার আগ্রাসনের প্রশংসা করেছিলেন অনেকে। এরপর আর একাদশে জায়গা হয়নি। আজ ভারতের বিপক্ষে তানজিমকে একাদশে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
জনপ্রিয় এই ধারাভাষ্যকার ‘ক্রিকবাজ’ –এ ম্যাচপূর্ব আলোচনায় বলেন, ‘মোস্তাফিজ তাদের তুরুপের তাস হতে পারে। সে দারুণ বোলিং করছে। কিন্তু তারা আরেকজন বোলারকে খেলাচ্ছে না, যে দারুণ বোলিং করে। তানজিম সাকিব। তারা তানজিমকে খেলাচ্ছে না বরং তাসকিনের কাছে ফিরে গেছে। এছাড়া শরীফুলকে খেলাচ্ছে, যার বলে কিছুটা সুইং আছে। তবে আমার নজর থাকবে মোস্তাফিজের ওপর।’
এশিয়া কাপে দারুণ করছেন মুস্তাফিজ। সর্বশেষ দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন। চার ম্যাচে শিকার মোট ৭টি। ‘কাটার মাস্টার’-এর প্রশংসা করে হার্শা আরও বলেন, ‘যদি পিচ ভালো থাকে। সে আবার ভালো বোলিং করতে শুরু করেছে। সে একটি সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল, যখন সে এতটা ভালো বোলিং করছিল না। এখন সে ভালো বোলিং করতে শুরু করেছে।’