বাংলাদেশ ম্যাচ নিয়ে সতর্ক ভারত: নজর মোস্তাফিজের ওপর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ এএম

এশিয়া কাপের সুপার ফোরে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও হবে ভারত। সন্ধ্যা সাড়ে ৮টায় শুরু হবে খেলা। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভারতীয় শিবিরে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তুঙ্গে। তবে সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশকে তারা মোটেও হালকাভাবে নিচ্ছে না।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে যদিও ভারত অনেক এগিয়ে, তবে মাঠে সব সমীকরণই বদলে যেতে পারে। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপ টি–টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের খাতা শূন্য। এই পরিসংখ্যান বদলাতে হলে মোস্তাফিজুর রহমানকে তার সেরা ছন্দে ফিরতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সব মহলে।

দুবাইয়ে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে রায়ান টেন ডেসকাট বলেন, ‘‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো না। এটা আসলে আমাদের প্রক্রিয়া ও কী অর্জন করতে চাচ্ছি, সেটির বিষয়। আমাদের সেরাটা খেলার দিকেই মনোযোগ থাকবে। পাকিস্তানের বিপক্ষে আমরা পুরোটা ভালো খেলতে পারিনি। ওই পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নই।’

অতীত রেকর্ড ভেঙে ভারতের বিপক্ষে আজ ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। আর এই লক্ষ্য অর্জনে টাইগারদের সেরা অস্ত্র হয়ে উঠতে পারেন মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপে দারুণ ছন্দে থাকা এই পেস তারকার প্রশংসা করে ভারতীয় ব্যাটিং কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ধরে ভালো করা, সে আইপিএলেও ভালো করছে। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। আমরা মোস্তাফিজকেও খুব উঁচুভাবে রেট করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত