সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়ে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারটি ভিত্তিহীন বলে দাবি করেছে বিএনপি।
গতকাল বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে দলটি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে গতকাল (২৩ সেপ্টেম্বর) ওই পত্রিকায় একটি সাক্ষাৎকার ছাপা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হলো বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।