রেসিপি দিয়েছেন : মারজান তাবাসুম অন্যা
চিড়ার মোয়া
উপকরণ
চিড়া আড়াই কাপ, আখের গুড় আধা কাপ, পানি সিকি কাপ, কালোজিরা ১ চা চামচ, ঠা-া পানি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
চিড়া ফ্রাইপ্যানে নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। অন্য পাত্রে আখের গুড় ও পানি দিয়ে ভালো করে মিশিয়ে চুলা জ¦ালিয়ে দিন। চাইলে এর মধ্যে সামান্য কালোজিরা দিতে পারেন। সিরাটা ঘন হয়ে এক তারের সিরা হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিন ও চিড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। গরম অবস্থাতেই এটা দিয়ে গোল গোল মোয়া বানিয়ে নিন। হাতে গরম লাগলে হাত ঠা-া পানিতে ভিজিয়ে নিতে পারেন।
তিলের নাড়ু
উপকরণ
সাদা তিল একশ গ্রাম, আখের গুড় পঞ্চাশ গ্রাম, পানি আধা কাপ, ঠা-া পানি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
তিল ফ্রাইপ্যানে নিয়ে হালকা আঁচে দুই-তিন মিনিট ভেজে নিন।
অন্য একটি প্যানে আখের গুড় ও পানি দিয়ে ভালো করে জ¦াল দিয়ে নিন। সিরা চাইলে ছেঁকে নিতে পারেন। সিরাটা ঘন হয়ে এক তারের সিরা হয়ে হলে এর মধ্যে ভেজে রাখা তিলগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিন ও একটা তেল মাখানো পাত্রে ঢেলে নিন। এই মিশ্রণটা সামান্য ঠা-া হলে হাতের সাহায্যে গোল করে নাড়ু বানিয়ে নিন। এটা বেশি ঠা-া করা যাবে না। হাতে গরম লাগলে ঠা-া পানিতে হাত ভিজিয়ে নিতে পারেন।
মালপোয়া
উপকরণ
ময়দা আধা কেজি, সুজি আড়াইশ গ্রাম, চিনি আধা কেজি, কালো গোলমরিচ ১ টেবিল চামচ, মৌরি ১ চা চামচ, পানি ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
ময়দা, সুজি, চিনি, কালো গোলমরিচ, মৌরি ও পরিমাণ মতো পানি দিয়ে সব কিছু একসঙ্গে মাখিয়ে তিন-চার ঘণ্টা রেখে দিন। এই মিশ্রণটা একটু ঘন মিশ্রণ হবে। কড়াইতে তেল গরম হলে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে গোল করে দিয়ে দিন। একটু চেপে দিন যেন বেশি ফুলে না ওঠে। বাদামি করে ভেজে উঠিয়ে ফেলুন।
রসকড়া
উপকরণ
নারিকেল ২টি, গরুর দুধ দেড় কেজি, চিনি এক পোয়া, এলাচ গুঁড়া ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
নারিকেলকে কুড়িয়ে বেটে নিন ও দুধকে অল্প আঁচে জ¦াল দিয়ে ক্ষীর বানিয়ে নিন। নারিকেল বাটাকে চিনির সঙ্গে জ¦াল দিন। একটু ভেজে এর মধ্যে দুধের ক্ষীর দিয়ে ভালো করে নেড়ে নিন। এবার এর সঙ্গে পরিমাণ মতো এলাচ গুঁড়া দিয়ে আবার ভালো করে নেড়ে দিন। এটা পাক হয়ে এলে চুলা থেকে নামিয়ে হাতে ঘি মেখে গরম অবস্থাতেই গোল গোল করে নাড়ুর থেকে একটু বড় আকারের বানিয়ে নিন।