স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন

প্রতিবেশী দেশ পূজায় গুজব সৃষ্টির চেষ্টা করবে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দুর্গাপূজা ভালোভাবে সম্পন্ন হবে। এ নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা বিভিন্ন গুজব সৃষ্টির চেষ্টা করবে।’ গতকাল রবিবার সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা মিথ্যা খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সারা দেশে দুর্গাপূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া পুলিশের ৭০ হাজার সদস্য ও ৪৩০ প্লাটুন মাঠে থাকবে। এর সঙ্গে বিজিবি ও অন্যান্য বাহিনীও থাকবে। পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় পূজাকে ঘিরে গুজব ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

কোর কমিটির বৈঠকে দুর্গাপূজা ছাড়াও খাগড়াছড়ির পরিস্থিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনার মধ্যে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা জারির পরও খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে; মানুষের চলাচলও কম। সকাল থেকেই শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। শহর জুড়ে টহলও রয়েছে। জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।

গতকাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার ঢাকাতে গতবারের তুলনায় ৭টি বেড়ে মোট ২৫৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা দেশে মোট মন্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি, যা গতবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।

দুর্গাপূজা উপলক্ষে ১ লাখ সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি ৪৩০টি প্লাটুন বিজিবি, ৭১ হাজার পুলিশ, মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারা দেশে ২ হাজার ৭৫৮টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে ২৪টি বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।