বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন। গতকাল মঙ্গলবার কোয়েটায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী-এফসি সদর দপ্তরের কাছে এক ব্যস্ত সড়কে এ বিস্ফোরণে ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এ ঘটনার জন্য ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কোয়েটায়
সংঘটিত আত্মঘাতী হামলা ঘটিয়েছে ‘ফিতনা-আল খারিজ’ যারা ভারতের ইশারায় পরিচালিত পথভ্রষ্ট উগ্রপন্থি। ‘ফিতনা-আল খারিজ’ শব্দটি পাকিস্তান সরকার কর্র্তৃক নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করা হয়। জারদারি বলেন, ভারতের স্বার্থে কাজ করা উপাদানগুলো পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা দুর্বল করতে পারবে না।