কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ১৪ জন

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ জন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডাকাত দলের সর্দার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন (৩২), কামাল হোসেন (৩২), মোশাররফ শরীফ (৩২), মো. সুমন (৩৩), মো. খোকন (৪০), আমামিন (২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।

সংবাদ সম্মেলনে এসপি জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর পুলিশ জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঙ্গরা বাজার এলাকায় ডাকাত দল সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল জোরদার থাকায় ওই পরিকল্পনা ভেস্তে যায়।

পরে দলটি দেবিদ্বার উপজেলায় ডাকাতির চেষ্টা করলে পুলিশ খবর পেয়ে ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট বসায়। চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং একটি কালো রঙের হাইএস গাড়ি জব্দ করা হয়।

এসপি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা লালমাইয়ে তিনটি, বরুড়ায় একটি ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।